সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেতা রণজয় বিষ্ণুর ছবি ‘ঘুন গাঁও, চ্যাপ্টার ওয়ান’। সেই থ্রিলার ছবিতে অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে পর্দায় জুটি বাঁধতে দেখা গিয়েছে রণজয়কে। বেশ কয়েক দিন ধরেই ছবির প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। তবে পুজোর আর এক মাসও বাকি নেই। এই সময়ে কাজের ব্যস্ততার ফাঁকে আলাদা করে কী ভাবে নিজের খেয়াল রাখছেন তিনি? নিজের ত্বক পরিচর্যার রুটিনে ‘পুজো স্পেশ্যাল’ কোনও পরিবর্তন এনেছেন কি? আনন্দবাজার ডট কম-এ রণজয় জানালেন সবটা।
ছবিতে কোনও চরিত্রের প্রয়োজনে মাঝেমধ্যেই চড়া মেকআপ করতে হয় রণজয়কে। অভিনেতার কথায়, ‘‘অন্য সময় আমি একেবারেই মেকআপ করা পছন্দ করি না, মনে হয় যেন মুখটা ভারী হয়ে গিয়েছে। তবে বিশেষ কোনও চরিত্রের প্রয়োজনে মেকআপ করতেই হয়। তবে মেকআপ করি বা না-ই করি, ত্বকের যত্নটা নিয়মিত নিতেই হবে। পুজোর আগে এক মাস খুব যত্ন করলাম আর সারা বছর কিছুই করলাম, এমনটা করলে কিন্তু চলবে না। আমি পুজোর আগে আলাদা করে কোনও রুটিন মেনে চলি না, সারা বছরের রুটিনটাই মন দিয়ে মেনে চলি।’’
ত্বক পরিচর্যা মানে রণজয়ের কাছে বাহারি ক্রিম, সিরাম মাখা নয়। ত্বক ভাল রাখতে হলে, ত্বককে ভিতর থেকে ভাল রাখা একান্ত জরুরি বলে মনে করেন রণজয়। তা হলে সারা বছর পুরুষদের কী ভাবে নিজের ত্বকের যত্ন নেওয়া উচিত? এই প্রশ্নের জবাবে রণজয় বলেন, ‘‘পুরুষদের আলাদা করে কোনও রূপচর্চায় রুটিন মেনে চলতে হয়, আমি এমনটা মনে করি না। ত্বক ভাল রাখতে নারী, পুরুষ নির্বিশেষে একটা সুনির্দিষ্ট রুটিন রোজ মেনে চলা জরুরি। তবে এর মানে বাহারি ক্রিম বা নামীদামি প্রসাধনী ব্যবহার করতে হবে, তা কিন্তু একেবারেই নয়। ত্বকের যত্ন নিতে হলে সবার আগে শরীরের অন্দরের খেয়াল রাখাটা জরুরি।’’
ত্বক ভাল রাখার জন্য বেশি করে জল খাওয়া জরুরি। শরীর হাইড্রেটেড থাকলে ত্বক আপনা থেকেই ভাল থাকবে, এমনটাই মত রণজয়ের। ত্বকের যত্ন নেওয়ার প্রথম এবং প্রধান শর্ত হল ত্বককে আর্দ্র রাখা। তা সে ঘুমোতে যাওয়ার আগে মুখে যতই হাইড্রেটেড ক্রিম মাখুন না কেন, ভিতর থেকে শরীরকে আর্দ্র রাখতে না পারলে কোনও লাভ হবে না। পুজোর সময় অনেকেই মদ্যপান করেন। রণজয়ের মতে, মদ্যপান করলে পরের দিনটা কিন্তু বেশি করে জল খেতে হবে। না হলেই ত্বকের উপর প্রভাব পড়বে।
ত্বক পরিচর্যার আর একটি বড় বিষয় হল ত্বক পরিষ্কার রাখা। দিনে দু’বার করে ফেসওয়াশ ব্যবহার করেন রণজয়। অভিনেতার কথায়, “বাইরে থেকে ফিরে মুখ ধোয়াটা মাস্ট।” ফেসওয়াশ কেনার সময় সেটি কম ক্ষারযুক্ত কি না, তা দেখে নিতে ভোলেন না অভিনেতা। মুখে মেকআপ নিয়ে অনেকেই ঘুমিয়ে পড়েন, এই একটা ভুলের জন্য কিন্তু ত্বকের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। তবে মেকআপ না থাকলেও রাতে শোয়ার আগে মুখ অবশ্যই পরিষ্কার করে শোয়া উচিত।
মুখ ধোয়া তো হল, কিন্তু মুখ আর্দ্র রাখার জন্য
ময়শ্চারাইজ়ার ব্যবহার করতে ভোলেন না রণজয়। ক্লিনজ়িংয়ের পরে নিয়ম করে
ময়েশ্চারাইজ়ার মাখেন অভিনেতা। সাধারণত ময়েশ্চারাইজ়ার কেনার সময় গন্ধ কেমন, চটচটে কি না তা পরখ করে
নেন ক্রেতারা। কিন্তু ময়েশ্চারাইজ়ার মাখতে হলে ত্বকের ধরন অনুযায়ী তা বাছাই করা
দরকার, সেই কাজটা অনেকেই করেন না।
পুজোর সময় ঠাকুর দেখতে বেরোনোই হোক বা সারাবছর শুটিংয়ে
বেরোনো— মুখে সানস্ক্রিন মাখতে ভোলেন না রণজয়। অভিনেতার কথায়, “যাঁরা খুব বেশি
প্রসাধনী ব্যবহার করতে পছন্দ করেন না, তাঁরা আর কিছু না হলেও সানস্ক্রিনটা কিনে
ফেলুন।”