Ground Report Bangla পানিহাটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসে একাধিক রাজনৈতিক ইস্যুতে মুখ খুললেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। বিজেপিতে ‘তৃণমূলীকরণ’-এর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “কিছু লোক গেরুয়া পতাকা নিয়ে রাস্তায় নেমেছে, কেউ কেউ আবির মাখছে, নিজেদের কাউন্সিলর ভেবে ফেলছে। কিন্তু কোনও যোগদান হয়নি। সবকিছু আটকানো সম্ভব নয়। এরা কেউ থাকবে না, বিজেপি বিজেপিই থাকবে।”
পিংলার বিধায়কের গ্রেফতার প্রসঙ্গে শমীক বলেন, “হিসাবমতো ধরতে গেলে গোটা তৃণমূল দলকেই জেলে পাঠিয়ে দেওয়া দরকার।” তাঁর দাবি, “যাঁরা অসহায় প্রান্তিক মানুষকে লুঠ করেছেন এবং সম্পূর্ণ সরকারি ব্যবস্থাকে ভেঙে দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নিক—এটাই আমাদের বক্তব্য ছিল।”
তবে রাজনৈতিক প্রতিহিংসার পথে বিজেপি হাঁটবে না বলেও দাবি করেন তিনি। শমীকের কথায়, “আমরা তৃণমূলের পথে হাঁটিনি। চাইলে ২০২১ সালের ২ মে-র কথা মনে করে অন্য ভাষায় উত্তর দিতে পারতাম। কিন্তু আমরা চাই এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। আইন অনুযায়ী যা করার, সেটাই হয়েছে।”
কংগ্রেসের বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক দেশে যে কেউ বিক্ষোভ দেখাতে পারেন। নির্বাচন কমিশন সংক্রান্ত প্রসঙ্গে জ্ঞানেশ কুমারের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তাঁকে পদ্মভূষণ দেওয়া উচিত। রাহুল গান্ধী ও কংগ্রেস তাঁকে গুরুত্ব দেয় না বলেও মন্তব্য করেন তিনি।
ফুটবল প্রসঙ্গে শমীক জানান, বাংলায় অন্তত দু’টি ফুটবল অ্যাকাডেমি তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। এই বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে বলে জানান তিনি।