নিউটাউনের শপিং মলে বন্ধুদের বচসা, ছুরিকাঘাতে জখম ২

Ground Report : নিউটাউনের একটি শপিং মলে বন্ধুদের মধ্যে বচসাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনায় দু’জন গুরুতর জখম হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার পর অভিযুক্ত এক....

নিউটাউনের শপিং মলে বন্ধুদের মধ্যে ছুরিকাঘাতের ঘটনা

Ground Report : নিউটাউনের একটি শপিং মলে বন্ধুদের মধ্যে বচসাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনায় দু’জন গুরুতর জখম হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার পর অভিযুক্ত এক বন্ধুকে আটক করেছে টেকনোসিটি থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শপিং মলের ভিতরে বসে কয়েকজন বন্ধু ঠান্ডা পানীয় ও কফি খাচ্ছিলেন। সেই সময় কোনও একটি বিষয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ, বচসার মাঝেই এক বন্ধু ব্যাগ থেকে ছুরি বের করে অপর এক বন্ধুর উপর হামলা চালান। তাঁর গলা-সহ শরীরের একাধিক জায়গায় ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শপিং মলের ভিতরে। আক্রান্ত বন্ধুকে বাঁচাতে এগিয়ে এলে আরও এক বন্ধুকেও ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ।

ঘটনার পর গুরুতর জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের চিকিৎসা চলছে। অন্যদিকে, হামলার পর অভিযুক্তকে ঘটনাস্থলেই আটকে রাখেন উপস্থিত লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টেকনোসিটি থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

ঠিক কী কারণে বন্ধুদের মধ্যে বচসার সূত্রপাত, তা নিয়ে এখনও স্পষ্ট তথ্য মেলেনি। প্রাথমিকভাবে বচসা থেকেই হামলার ঘটনা বলে জানা গেলেও এর নেপথ্যে অন্য কোনও কারণ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের ভূমিকা ও বক্তব্য যাচাই করা হচ্ছে। পাশাপাশি শপিং মলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার প্রকৃত কারণ ও হামলার পুরো ঘটনাক্রম জানার চেষ্টা করছে তদন্তকারীরা।