বাড়ি করতে দিতে হবে এক লক্ষ টাকা! বিজেপি নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ মহিলার

Ground Report Bangla বাড়ি নির্মাণের জন্য কোনও অনুমতি নেই, এমন দাবি করে এক মহিলার কাছে এক লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে মধ্যমগ্রামে চাঞ্চল্য....

মধ্যমগ্রামে বিজেপি নেতার বিরুদ্ধে এক লক্ষ টাকা চাওয়ার অভিযোগ

Ground Report Bangla বাড়ি নির্মাণের জন্য কোনও অনুমতি নেই, এমন দাবি করে এক মহিলার কাছে এক লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে মধ্যমগ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারী সাবিরা খাতুন।

ঘটনাটি মধ্যমগ্রামের দিগবেড়িয়া মাঝেরপাড়া এলাকার। অভিযোগকারীর দাবি, তাঁর এক কাকার জমিতে তিনি বাড়ি নির্মাণের কাজ শুরু করেছিলেন। সেই সময় সেখানে যান বিজেপি নেতা শফিকুল ইসলাম। অভিযোগ, তিনি উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি রাজীব পোদ্দার এবং জেলা সহ-সভাপতি রাজীব খানের নাম করে বাড়ি করার জন্য এক লক্ষ টাকা দাবি করেন।

শুধু টাকা দাবিই নয়, বিষয়টি যাতে অন্য কারও কাছে জানানো না হয়, সে বিষয়েও তাঁকে সতর্ক করা হয় বলে অভিযোগ মহিলার। টাকা না দিলে কী সমস্যা হতে পারে, তা নিয়েও তাঁকে ভয় দেখানো হয় বলে অভিযোগ।

ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন সাবিরা খাতুন। শেষ পর্যন্ত তিনি পুলিশের দ্বারস্থ হন এবং মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগে যে দুই বিজেপি নেতার নাম উল্লেখ করা হয়েছে, তাঁদের সঙ্গে অভিযুক্ত শফিকুল ইসলামের কী সম্পর্ক এবং সত্যিই তাঁদের নাম করে টাকা চাওয়া হয়েছিল কি না, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ। পুরো ঘটনায় বিজেপির স্থানীয় নেতৃত্বের বক্তব্য এখনও জানা যায়নি।