গণেশপুজোর পঞ্চম দিনে, শুক্রবার মুম্বইয়ে নিজেদের বাড়ির বাইরে দেখা গেল রণবীর কপূর ও আলিয়া ভট্টকে। সঙ্গে ছিল তারকাদম্পতির একরত্তি কন্যা রাহা। ছিলেন অভিনেত্রী নীতু কপূর। গণেশ বিসর্জন উপলক্ষে একসঙ্গে পুজো ও নিয়ম পালন করেন তাঁরা। তবে এ দিনও ছবিশিকারিদের ক্যামেরার সামনে মেয়ের মুখ আড়াল করে রাখলেন আলিয়া।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, গণেশের মূর্তি হাতে নিয়ে এগিয়ে আসছেন রণবীর। তাঁর পিছনেই কোলে রাহাকে নিয়ে দাঁড়িয়ে আলিয়া। রণবীরের আর এক দিকে দাঁড়িয়ে তাঁর মা, নীতু। পরিবারের ছবি তুলতে চিত্রগ্রাহকেরা ভিড় করতেই মেয়ের মুখ ক্যামেরার আড়ালে রাখার চেষ্টা করেন অভিনেত্রী। মায়ের কোলে তাঁকে জড়িয়ে ঘাড়ে মুখ গুঁজে থাকতে দেখা যায় রাহাকে। একবারের জন্য সে-ও ক্যামেরার দিকে তাকায়নি। এ দিন ঐতিহ্যবাহী পোশাকে পরিবারের সদস্যরা প্রথমে পুজো করেন। এর পর ‘গণপতি বপ্পা মোর্যা’ ধ্বনি তুলে গণেশকে বিদায় জানান তাঁরা।
রাহার ব্যক্তিগত পরিসর রক্ষার বিষয়ে বরাবরই সচেতন রণবীর ও আলিয়া। ২০২৩ সালে বড়দিন উদ্যাপনের সময় প্রথম বার মেয়ের মুখ প্রকাশ্যে এনেছিলেন তাঁরা। তারপর থেকে রাহার ছবি তোলা বা তা প্রকাশ্যে ভাগ করে নেওয়ার বিষয়ে বেশ সতর্ক থেকেছেন এই তারকাদম্পতি।
আলিয়ার সমাজমাধ্যম থেকে রাহার মুখ দেখা যাচ্ছে, এমন একাধিক ছবি সরিয়ে নেওয়া হয়। সম্প্রতি নীতুও পাপারাৎজ়িদের রাহার ছবি না তোলার অনুরোধ করেন।
২০২২ সালের এপ্রিল মাসে পরিজনের উপস্থিতিতে বিয়ে করেন আলিয়া ও রণবীর। তার কয়েক মাস পর, ওই বছরের নভেম্বরেই জন্ম হয় তাঁদের মেয়ে রাহার। বিয়ের আগে বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন তাঁরা।
কাজের ক্ষেত্রে সঞ্জয় লীলা ভন্সালীর ‘লভ অ্যান্ড ওয়র’ ছবিতে ফের একসঙ্গে পর্দায় আসতে চলেছেন আলিয়া ও রণবীর। ছবিতে রয়েছেন ভিকি কৌশলও।