এশিয়ান গেমসে হরমনপ্রীতদের জন‍্য সাধারণ হোটেল, শ্রেয়সদের জন্য বাড়তি খরচে বিশেষ ব্যবস্থা বোর্ডের! বৈষম্যে প্রশ্ন

হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা জাপানে গিয়ে রয়েছেন এশিয়ান গেমস কর্তৃপক্ষের ব্যবস্থা করা হোটেলে। তবে শ্রেয়স আয়ার, জসপ্রীত বুমরাহদের জন্য নিজেদের খরচে আলাদা হোটেলের ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কেন....

হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা জাপানে গিয়ে রয়েছেন এশিয়ান গেমস কর্তৃপক্ষের ব্যবস্থা করা হোটেলে। তবে শ্রেয়স আয়ার, জসপ্রীত বুমরাহদের জন্য নিজেদের খরচে আলাদা হোটেলের ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কেন এই বৈষম্য? জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া।

খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ মিলিয়ে প্রতিটি ক্রিকেট দলের জন্য সর্বোচ্চ ২০ জনের থাকার ব্যবস্থা করেছেন আইচি নাগোয়া গেমসের আয়োজকেরা। এর অতিরিক্ত সদস্যদের জন্য থাকার ব্যবস্থা করা সম্ভব নয় বলে আগেই জানিয়ে দিয়েছিল জাপান। সে কারণেই শ্রেয়সদের জন্য আলাদা ব্যবস্থা করতে হয়েছে বিসিসিআইকে। শইকীয়া জানিয়েছেন এর মধ্যে বৈষম্যের কোনও বিষয় নেই। তিনি বলেছেন, ‘‘বিসিসিআই ছেলেদের দলের জন্য নিজস্ব ব্যবস্থা করেছে। কারণ, গেমসের অনুমোদিত সংখ্যার চেয়ে ছেলেদের দলের সদস্য অনেক বেশি। ছেলেদের দলে সাপোর্ট স্টাফের সংখ্যা বেশি হওয়ায় সমস্যা হয়েছে। দলকে ভাগাভাগি করে রাখতি চাইনি আমরা। মেয়েদের দল রয়েছে আয়োজকদের ব্যবস্থা করা জায়গাতেই। কারণ মেয়েদের দলের মোট সদস্য সংখ্যা অনুমোদিত ২০ জনের মধ্যে রয়েছে।’’

এশিয়ান গেমসের থাকা, অনুশীলন, খেলার মাঠ এবং যাতায়াত ব্যবস্থা নিয়ে অসন্তোষ ছিল বিসিসিআইয়ের। সেই অসন্তোষ নিয়েই কি এশিয়ান গেমসে অংশগ্রহণ করছে ভারত? শইকীয়া বলেছেন, ‘‘আয়োজক কমিটির উপর আমরা সম্পূর্ণ ভরসা রাখছি। তাঁরা সেরা সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করছেন। এশিয়ান গেমস খুব বড় বিষয়। আমরা নিশ্চিত, আয়োজকেরা প্রয়োজনীয় সব ব্যবস্থা করবেন। আমি ১ অক্টোবর জাপানে যাচ্ছি। তার পরই ওখানকার পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য দিতে পারব।’’

শইকীয়া মেনে নিয়েছেন, এশিয়ান গেমসের মতো বড় আসরে ছোটখাট কিছু সমস্যা থাকে। তাঁর আশা, সেগুলিকে গুরুত্ব না দিয়ে ক্রিকেটারেরা সোনা জেতার চেষ্টা করবেন। বিসিসিআই সচিব বলেছেন, ‘‘আমরা সোনার পদক ছাড়া কিছু ভাবছি না। এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সকলে জানে ভারত একসঙ্গে তিনটে সমান শক্তিশালী দল মাঠে নামাতে পারে। এশিয়ান গেমসের গুরুত্ব আমরা জানি। তাই আমরা কোনও খামতি রাখতে চাই না। তাই বুমরাহরকে দলে রাখা হয়েছে। টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক শ্রেয়স আয়ারই নেতৃত্ব দেবে গেমসে। ক্রিকেটের যে কোনও বড় ট্রফির মতোই এশিয়ান গেমসের সোনা গুরুত্বপূর্ণ।’’

এশিয়ান গেমস শুরু হতে না হতেই নানা অব্যবস্থার অভিযোগ উঠে আসছে। আইচি নাগোয়া গেমসের আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন বিভিন্ন দেশের খেলোয়াড়েরা। ভারতীয় খেলোয়াড়েরাও নানা সমস্যায় পড়েছেন জাপানে পৌঁছে। সম্ভবত সে সব মাথায় রেখেই বিসিসিআই কর্তারা বেশি সচেতন।