বিধানসভার শৌচাগার থেকে উদ্ধার ক্যান্টিন কর্মীর দেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

নিজস্ব সংবাদদাতা ,কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভার ভিতরে শৌচাগার থেকে উদ্ধার হল এক ক্যান্টিন কর্মীর দেহ। মৃতের নাম উমেশচন্দ্র দাস (৪৬)। সোমবার সকালে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন বিধানসভায় কর্মরত অন্যান্য....

পশ্চিমবঙ্গ বিধানসভার শৌচাগার থেকে ক্যান্টিন কর্মী উমেশচন্দ্র দাসের দেহ উদ্ধারের ঘটনা

নিজস্ব সংবাদদাতা ,কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভার ভিতরে শৌচাগার থেকে উদ্ধার হল এক ক্যান্টিন কর্মীর দেহ। মৃতের নাম উমেশচন্দ্র দাস (৪৬)। সোমবার সকালে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন বিধানসভায় কর্মরত অন্যান্য কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উমেশচন্দ্র দাস বিধানসভায় চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিযুক্ত ছিলেন। গত প্রায় ১৫ বছর ধরে তিনি বিধানসভার ক্যান্টিনে কাজ করছিলেন। এ দিন সকাল ৯টা নাগাদ কর্মরত অন্যান্য কর্মীরা তাঁকে শৌচাগারের ভিতরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তাঁরাই পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে দেহে কোনও দৃশ্যমান আঘাতের চিহ্ন মেলেনি বলে পুলিশ সূত্রে খবর। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন লালবাজারের এক পুলিশকর্তা।

ইতিমধ্যেই মৃতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। অন্যদিকে, ঘটনার তদন্তে বিধানসভায় পৌঁছেছেন পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা। ঘটনাস্থল ঘিরে রেখে প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা অত্যন্ত সুরক্ষিত এলাকা। সেখানে সর্বক্ষণ পুলিশি নজরদারি থাকে। এমন একটি সুরক্ষিত ভবনের ভিতরে কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় বিধানসভায় কর্মরত অন্যান্য কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। এখন ময়নাতদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে তদন্তকারীরা।