ফের পুরুলিয়া! নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার কিশোরীর, খুন বলে দাবি পরিবারের, প্রেমিক ও তার পরিবারকে সন্দেহ

প্রেমিকাকে খুন করে বস্তাবন্দি দেহ বাইকে চাপিয়ে নিয়ে যাওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক কিশোরীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে শোরগোল পুরুলিয়ায়। শনিবার সকালে পুরুলিয়া মফস্‌সল থানা এলাকায় ১৬ বছরের....

প্রেমিকাকে খুন করে বস্তাবন্দি দেহ বাইকে চাপিয়ে নিয়ে যাওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক কিশোরীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে শোরগোল পুরুলিয়ায়। শনিবার সকালে পুরুলিয়া মফস্‌সল থানা এলাকায় ১৬ বছরের এক কিশোরীর দেহ উদ্ধার হয়।পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে মেরে ফেলেছে প্রতিবেশী নাবালক প্রেমিক ও তার বাড়ির লোকজন। কিশোরীর জেঠু বলেন, ‘‘রাত থেকে মেয়েটি নিখোঁজ ছিল। আমরা খোঁজ করেও কোনও সন্ধান পাইনি। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।’’ তাঁর দাবি, ‘‘স্থানীয় এক কিশোরের সঙ্গে মেয়ের সম্পর্ক ছিল বলে জানতে পারি। ওদের বাড়িতেই টিউশন পড়তে যেত। কিন্তু পরে ওদের বাড়িতে পড়তে যেতে আপত্তি জানিয়েছিল। আমাদের অনুমান, মেয়েকে খুন করা হয়েছে। সরকারের কাছে আবেদন, সঠিক বিচার যেন পাই।’’ পরিবারের দাবি, শনিবার ভোর ৩টে থেকে নিখোঁজ ছিল। তার পর তাদেরই একটি ফাঁকা বাড়ি থেকে কিশোরীর দেহ উদ্ধার হয়। গলায় ওড়না পেঁচানো ছিল।এই ঘটনার জেরে সকাল থেকেই শোকের আবহ এলাকা জুড়ে। পুরুলিয়া মফস্‌সল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজে পাঠায়। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কিশোরীর পরিবারের দাবিও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাচক্রে, দিন কয়েক আগেই এই পুরুলিয়াতেই প্রেমিকাকে খুনের পর তাঁর দেহ বস্তায় ভরে বাইকে নিয়ে যাওয়ার সময় গ্রেফতার হন এক যুবক। পুলিশ সূত্রে খবর, প্রেমিকার দেহ বাইকে নিয়ে প্রায় তিন থেকে চার ঘণ্টা এদিক-ওদিক ঘুরে বেড়ান ওই যুবক। গত শনিবার গভীর রাতে বলরামপুর থানার পুলিশের হাতে ধরা পড়েন তিনি।