কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। আগামী সপ্তাহে সেই বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণের অন্তত চারটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টি বাড়তে পারে কলকাতাতেও।হাওয়া অফিস জানিয়েছে, শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তার বেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। ভিজতে পারে কলকাতাও। তবে সোমবার থেকে বৃষ্টি কিছুটা কমবে। আবার আগামী বুধবার থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বুধবার থেকে ভারী বৃষ্টি হতে পারে। চলবে শুক্রবার পর্যন্ত।শনিবার সকালে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই জেলাগুলিতে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে।
উত্তরবঙ্গেও আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। শনিবার দার্জিলিং-সহ উত্তরের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টি কমবে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আলিপুর জানিয়েছে, দেশের পশ্চিম প্রান্তে বর্ষা বিদায়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ১৯ সেপ্টেম্বর, অর্থাৎ শনিবারের মধ্যে পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। বর্ষাকালীন অক্ষরেখা আপাতত সৌরাষ্ট্র হয়ে উত্তর-পূর্ব আরব সাগরের কাছে নিম্নচাপ অঞ্চলের মধ্যে দিয়ে গিয়েছে। রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে তা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং দিঘার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
তাইল্যান্ডের উপর একটি ঘূর্ণাবর্ত ছিল, যা শুক্রবার সন্ধ্যার মধ্যে উত্তর আন্দামান সাগরে চলে আসার কথা। তার প্রভাবে আন্দামান সাগরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। তা ক্রমে উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে তিন থেকে চার দিনের মধ্যে ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছোবে। এ ছাড়া, উত্তরবঙ্গ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। তার প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি বাড়তে পারে। তবে এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনও সতর্কতা নেই।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি কম।