‘সিম্বলও ধরে রাখতে পারছে না, আগামী দিনে তৃণমূল উঠে যাবে’, দাবি অর্জুন সিংয়ের

Bangla Report : রাজ্যে আসন্ন রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। তার মধ্যেই তৃণমূল কংগ্রেসকে নিশানা করে একের পর এক কটাক্ষ করলেন রাজ্যের পরিবহণ ও শ্রম....

অর্জুন সিংয়ের তৃণমূল কংগ্রেসকে নিয়ে মন্তব্য

Bangla Report : রাজ্যে আসন্ন রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। তার মধ্যেই তৃণমূল কংগ্রেসকে নিশানা করে একের পর এক কটাক্ষ করলেন রাজ্যের পরিবহণ ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। দুই কেন্দ্রেই জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে তৃণমূলের ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন তিনি।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং দাবি করেন, নন্দীগ্রাম এবং রেজিনগর—দুই কেন্দ্রেই তাঁদের জয় নিশ্চিত। তাঁর বক্তব্য, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছেড়ে যাওয়া নন্দীগ্রামে আমরা জিতব।” পাশাপাশি রেজিনগর কেন্দ্রেও শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের গত চার মাসের উন্নয়নমূলক কাজকে সামনে রেখে মানুষ ভোট দেবে বলে দাবি করেন তিনি।

রেজিনগরের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরের বক্তব্যকেও কটাক্ষ করেন অর্জুন সিং। তাঁর দাবি, হুমায়ুন কবীর ‘ফাঁকা আওয়াজ’ দিচ্ছেন। একইসঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে মন্ত্রী বলেন, দলের মধ্যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে এবং দলীয় প্রতীক ধরে রাখার ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে।

তৃণমূলের নির্বাচনী প্রতীক ‘ফুটবল’ নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। অর্জুন সিংয়ের মন্তব্য, “সময় খারাপ, পুরো ফুটবলটাই লিক।” তাঁর দাবি, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় দলের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন না এবং তৃণমূলের রাজনৈতিক অস্তিত্বও সংকটে পড়বে।

যদিও মন্ত্রীর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। উপনির্বাচনের আগে দুই কেন্দ্রের ফলাফল নিয়ে শাসক ও বিরোধী শিবিরের দাবি-পাল্টা দাবি আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত ভোটারদের রায়েই স্পষ্ট হবে রেজিনগর ও নন্দীগ্রামে কোন রাজনৈতিক দল কতটা সমর্থন পায়।