Ground Report Bangla প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী তথা বিধাননগর পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বারাসাত আদালতে চার্জ গঠন হল। সিন্ডিকেট অপরাধ, প্রোমোটারদের কাছ থেকে তোলাবাজি-সহ একাধিক ধারায় বৃহস্পতিবার এই চার্জ গঠন করা হয়। নতুন ফৌজদারি আইনের সিন্ডিকেট ক্রাইম সংক্রান্ত ধারায় রাজ্যে এই প্রথম কোনও মামলায় চার্জ গঠন হয়েছে বলে দাবি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়ের।
তদন্তকারী সংস্থার অভিযোগ, নির্মাণকাজে বাধা দিয়ে এক প্রোমোটারের কাছ থেকে ৩০ লক্ষ টাকা দাবি করেছিলেন দেবরাজ চক্রবর্তী। টাকা দেওয়ার পর নির্মাণকাজ শুরু হলেও পরে ফের কাজ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। এই মামলাতেই তদন্তের ভিত্তিতে চার্জশিট জমা দেয় পুলিশ। গত ১ জুলাই পুরুলিয়া থেকে দেবরাজকে গ্রেফতার করা হয়েছিল।
এদিন আদালতে একটি সাপ্লিমেন্টারি চার্জশিটও জমা পড়েছে বলে জানা গিয়েছে। দেবরাজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার মধ্যে নির্বাচনের আগে সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত মামলাতেও তদন্ত চলছে। সেই মামলায় দ্রুত চার্জশিট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়।
চার্জ গঠনের পর এবার মামলার বিচারপর্ব শুরু হতে চলেছে। আগামী সপ্তাহ থেকেই সাক্ষ্যগ্রহণ শুরু হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।