আইপিএল কেলেঙ্কারির জেরে গত দেড় দশকেরও বেশি সময় ধরে দেশ থেকে ফেরার ললিত মোদি। ২০১০ সালে আর্থিক দুর্নীতির দায়ে ভারত থেকে পালিয়ে লন্ডনে যান। বর্তমানে সেখানেই সাম্রাজ্যের শামিয়ানা খাটিয়ে বহাল তবিয়তে রয়েছেন! গত জুন মাসেই লন্ডনে মোদি-রণবীরের গোপন সাক্ষাতের খবর পাওয়া যায়। বিনোদুনিয়ায় ফিসফাস, ‘পলাতক’ ললিত মোদির বায়োপিকে অভিনয়ের জন্য নাকি মরিয়া হয়ে উঠেছিলেন রণবীর সিং! সেই জল্পনাতেই এবার সিলমোহর পড়ার পথে।
বলিউড মাধ্যম সূত্রে খবর, আইপিএল কেলেঙ্কারিতে ফেরার ললিত মোদির বর্ণময় জীবনকাহিনি পর্দায় ফুটিয়ে তোলার জন্য ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। ললিতের জীবন যে ঘটনাবহুল, নিঃসন্দেহে সেকথা বলা যায়। কারণ তিনি যেমন জীবনে সাফল্যের সিংহাসনের স্বাদ পেয়েছেন, তেমনই তাঁর ব্যবসার কৌশলীও বরাবর চর্চায় থেকেছে। শুধু কি তাই? নানাবিধ বিতর্কের জেরে সংবাদ শিরোনামেও থেকেছেন মোদি। আর ললিতের এহেন ঘাত-প্রতিঘাতের কাহিনিই সিনেমার পর্দায় ফুটিয়ে তুলতে চলেছে সাজিদের প্রযোজনা সংস্থা ‘নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট’। সূত্রের খবর, ছবির কাজ বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চিত্রনাট্য লেখার কাজও এগোচ্ছে দ্রুত গতিতে। খবর, লেখক-প্রযোজক স্নেহা রাজানি এই ছবির চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন। মাসকয়েক আগে ললিত মোদি নিজেই জানিয়েছিলেন সেকথা।