এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা বহনের কথা ছিল শুটার মনু ভাখর এবং শট পুটার তেজিন্দারপাল সিংহ তুরের। কিন্তু শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন তেজিন্দার। পরিবর্তিত পরিস্থিতিতে ভাকেরের সঙ্গে ভারতের জাতীয় পতাকা নিয়ে মার্চপাস্টে অংশ নেবেন কবাডি খেলোয়াড় পবন সেহরাওয়াত।
এশিয়ান গেমস, অলিম্পিক্সের মতো আসরের উদ্বোধনী বা সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় পতাকা বহনকে বিশেষ সম্মান হিসাবে দেখা হয়। আন্তর্জাতিক পর্যায়ে সফল ক্রীড়াবিদেরাই এই সম্মান পান। ভারতীয় অলিম্পিক সংস্থা (আইওএ) এ বারের এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা বহনের জন্য নির্বাচিত করেছিল ভাখর এবং তেজিন্দারকে। কিন্তু এই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন শট পুটার।
ইচ্ছাকৃত নিজেকে সরিয়ে নেননি তেজিন্দার। একটি কারণে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন তিনি। আইওএ বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‘একটি সমস্যার কারণে তেজিন্দারপাল সিংহ তুর গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা বহন করতে পারবেন না। পুরুষ খেলোয়াড় হিসাবে জাতীয় পতাকা থাকবে কবাডি খেলোয়াড় পবন সেহরাওয়াতের হাতে। তাঁর সঙ্গে থাকবেন মনু ভাখর।’’
পরে তেজিন্দার সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘শনিবার দুপুর ৩টের সময় আমার কিট নাগোয়া বিমানবন্দরে এসে পৌঁছোবে। বিমানবন্দর থেকে কিট নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে স্টেডিয়ামে পৌঁছোনো অসম্ভব। তাই আমি আইওএকে জানিয়েছি, উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারব না।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমার কিট এখনও ভারতে রয়েছে। শুধু আমার নয়, অ্যাথলিটদের কেউই এখনও হাতে কিট পায়নি।’’ উল্লেখ্য, চোটের জন্য জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া সরে দাঁড়ানোর পর অ্যাথলেটিক্সের ফিল্ড ইভেন্টে সোনা জয়ের ক্ষেত্রে ভারতের সেরা বাজি মনে করা হচ্ছে তেজিন্দারকে।তেজিন্দার আরও বলেছেন, ‘‘আইওএ আমাকে শুক্রবার পতাকা বহনের কথা জানিয়েছে। আগে জানালে আমার কোচ গিয়ে কিট নিয়ে আসতে পারতেন। কোচ শুক্রবারই জাপানে এসেছেন। শেষ মুহূর্তে জানানোয় এখন পরিবর্তন করা সম্ভব নয়।’’ সম্মান পেয়েও সুযোগ কাজে না লাগাতে পারায় হতাশ তেজিন্দার। উল্লেখ্য, শনিবার ভারতীয় সময় দুপুর ২.৩০-এ শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।