দীর্ঘদিনের প্রেমিকা শর্বরী ওয়াঘের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই নতুন করে প্রেমের জল্পনা শুরু হয়েছে ভিকি কৌশলের ভাই, অভিনেতা সনী কৌশলকে ঘিরে। বৌদি ক্যাটরিনা কইফের বোন ইজ়াবেল কইফের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সনী? সমাজমাধ্যমে তাঁদের কিছু পোস্ট দেখে এমনই মত নেটাগরিকদের।
সাম্প্রতিক তুরস্ক সফরের পরেই শুরু সনী ও ইজ়াবেলের প্রেমের গুঞ্জন। সনীর ছবির সঙ্গে ইজ়াবেলের ভাগ করে নেওয়া ছবির মিল খুঁজে পেয়েছেন অনুরাগীরা। তাঁদের নজরে এসেছে, দু’জনের ছবিতে থাকা কয়েকটি জায়গা, প্রেক্ষাপট ও ছুটি কাটানোর মুহূর্তের মধ্যে বেশ কিছু সাদৃশ্য রয়েছে। সেই থেকেই তাঁদের একসঙ্গে তুরস্কে বেড়াতে যাওয়ার জল্পনা।
যদিও সনী বা ইজ়াবেল— কেউই এখনও তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তাঁরা একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন কি না, তা নিয়েও নিশ্চিত করে কিছু জানা যায়নি।
সম্প্রতি সমাজমাধ্যমে তুরস্ক সফরের একাধিক ছবি ভাগ করে নিয়েছিলেন সনী। কাজের ব্যস্ততা থেকে দূরে, ছুটি কাটানোর ঝলক দেখা গিয়েছিল সেই ছবিগুলিতে। এর আগে ইজ়াবেলও তুরস্ক থেকে বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন। দু’জনের ছবিতে একই রকম প্রেক্ষাপট চোখে পড়তেই অনুরাগীরা নানা জল্পনা শুরু করেন।
১৮ সেপ্টেম্বর ছুটির ছবি ভাগ করেছিলেন সনী। সেই পোস্টে ইজ়াবেল মন্তব্য করেন, “ইউ আর ওয়েলকাম ফর দ্য বেস্ট বুক রেকমেন্ডেশন এভার” অর্থাৎ, সনীকে সেরা বইয়ের হদিস দেওয়ার জন্য নিজের কৃতিত্বের কথা মজার ছলে নিজেই মনে করিয়ে দেন তিনি।
সনী ও ইজ়াবেলের পারিবারিক সম্পর্কের কারণেও এই জল্পনা আরও জোরালো হয়েছে। ক্যাটরিনার ছোট বোন ইজ়াবেল। অন্য দিকে, সম্পর্কে ক্যাটরিনার দেওর হন সনী। ২০২১ সালের ডিসেম্বর মাসে রাজস্থানে আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেছিলেন ভিকি ও ক্যাটরিনা। সেই থেকে একাধিক পারিবারিক ছবিতে একসঙ্গে সনী ও ইজ়াবেলকে দেখা গিয়েছে।
এ দিকে, সনী ও শর্বরীর সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জনও চলছে বেশ কয়েক মাস ধরেই। শোনা যায়, ২০২০ নাগাদ ‘দ্য ফরগটেন আর্মি – আজ়াদি কে লিয়ে’ সিরিজ়ের সেটে তাঁদের পরিচয় ও ঘনিষ্ঠতা। প্রায় ছ’বছর সম্পর্কে থাকার পর ২০২৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়েছে বলে জল্পনা ছড়ায়। তবে তাঁদের সম্পর্ক বা বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে কোনও দিন মুখ খোলেননি দু’জনের কেউই।
সনী ও শর্বরীকে দীর্ঘদিন ধরেই একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠান, পার্টি ও পারিবারিক জমায়েতে দেখা গিয়েছে। তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা না বললেও, তাঁদের একসঙ্গে উপস্থিতি বার বার প্রেমের গুঞ্জন উস্কে দিয়েছে। তবে সেই ছবি এখন আর খুব একটা দেখা যায় না।কাজের ক্ষেত্রে, সনীকে শেষ দেখা গিয়েছে ‘নেটফ্লিক্স’-এর ছবি ‘ফির আঈ হসীন দিলরুবা’-তে। ছবিতে অভিমন্যু পণ্ডিতের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিতে তাপসী পন্নু ও বিক্রান্ত ম্যাসিও অভিনয় করেন।